ভারতের রাজধানী নয়াদিল্লিতে মঙ্গলবার ৬০তম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের পুরস্কারে ভারতের ভিন্ন ভিন্ন ভাষা এবং ধারার ছবি ও কলাকুশলীরা জিতে নিয়েছে
সম্মানজনক এই পুরস্কার। তবে তার মধ্যেও গত বছরের
তুলনায় বলিউড ছবি ও অভিনেতা-অভিনেত্রীদের প্রভাব চোখে পড়ার মতো। এর মধ্যে গত বছর মুক্তি পাওয়া বলিউডের ছবি ‘পান সিং তোমার’- এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ সেরা অভিনেতার পুরস্কার দেয়া
হয়েছে ইরফান খানকে। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এদিকে ইরফান খানের
পাশাপাশি ‘অনুমতি’ নামক মারাঠি ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পান বিক্রম গোখেল। অন্যদিকে মারাঠি ছবি ‘ঢং’ এ দুর্দান্ত
অভিনয়শৈলী দেখিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পান ঊষা যাদব। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার দেয়া হয়েছে শিবাজি পাতিলকে। গত বছরের অন্যতম
আলোচিত বলিউড ছবি ‘ভিকি ডোনার’-এ অভিনয়ের জন্য
সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেয়েছেন আনু কাপুর। একই ছবির জন্য
সেরা পার্শ্ব-অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ডলি আলুওয়ালিয়া। এবার সেরা বাংলা
ছবির পুরস্কার জিতেছে ‘শব্দ’। তামিল ‘বিশ্বরূপম’ ছবির জন্য সেরা নৃত্য পরিচালক হিসেবে পুরস্কার
পেয়েছেন পণ্ডিত বিরজু মহারাজ। বিনোদনমূলক জনপ্রিয় ছবির পুরস্কার পেয়েছে
বলিউডের ‘ভিকি ডোনার’ ও মালায়লাম ছবি ‘ওস্তাদ হোটেল’। এদিকে জুরি অ্যাওয়ার্ডে ‘ইশকজাদে’ ছবিতে অভিনয়ের জন্য
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পরিণীতি চোপড়া। একই ক্যাটিগরিতে ‘তালাশ’ ছবির জন্য সেরা
অভিনেতার পুরস্কার পেয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়া ‘চিত্রাঙ্গদা’ ছবির জন্য ঋতুপর্ণ ঘোষকে দেয়া হয়েছে
বিশেষ এই পুরস্কার। অন্যদিকে ‘চিটাগং’ ছবিতে ‘বলো না’ গানে কণ্ঠ দিয়ে সেরা প্লেব্যাক গায়ক নির্বাচিত হয়েছেন শংকর মহাদেবান। এছাড়া সেরা গানের পুরস্কারও পেয়েছে ‘বলো না’। গানটির জন্য সেরা গীতিকারের পুরস্কার দেয়া হয়েছে প্রসূন যোশিকে। অন্যদিকে সেরা প্লেব্যাক গায়িকা নির্বাচিত হয়েছেন মারাঠি গায়িকা আরতি। এছাড়াও সেরা সাউন্ড রেকর্ডিংয়ের জন্য পুরস্কার পেয়েছে বলিউড ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুর’। সেরা স্ক্রিনপ্লের জন্য পুরস্কার জিতেছে ‘ওহ মাই গড’। অন্যদিকে সেরা অরিজিনাল
স্ক্রিনপ্লের জন্য পুরস্কার পেয়েছে বিদ্যা বালান অভিনীত ছবি ‘কাহানী’।

No comments:
Post a Comment